সারাদেশ

বরগুনা-১ আসনে নিশ্চিত বিজয়ের আশাবাদ পীর সাহেব চরমোনাইয়ের

  মেহেদী হাসান , আমতলী (বরগুনা) প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৬:২০ প্রিন্ট সংস্করণ

বরগুনার আমতলী উপজেলায় এক নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি মহল বাস ও অটো স্টেশন দখল এবং চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। সে সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় ইসলামী আন্দোলনের কর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করেছে।

শুক্রবার দুপুর সোয়া ১২টায় আমতলী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ওই জনসভায় তিনি আরও বলেন, বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের নিশ্চিত বিজয় হবে ইনশাআল্লাহ। কেউ ভোট কারচুপি বা ভোট কাটতে এলে তা প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, কেন্দ্র ও ভোটারদের কাছ থেকে পাওয়া জনমতের প্রতিফলনেই এ অঞ্চল থেকেই ইসলামী পতাকার বিজয় সূচনা হবে।

তিনি বলেন, অতীতে অনেক দল ‘সোনার বাংলা’ ও ‘ডিজিটাল বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। ইসলামী আন্দোলন সরকার গঠন করতে পারলে জনগণের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমীসহ দলীয় নেতৃবৃন্দ।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন পীর সাহেব চরমোনাই।

আরও খবর

Sponsered content