বাকৃবি প্রতিনিধি: ২৬ জুন ২০২৬ , ৮:৩৬:০২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী তানভীর আঞ্জুম।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা।
সমাবেশে শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈনকে বাকৃবি শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন শাখা সেক্রেটারি হিসেবে তানভীর আঞ্জুমকে মনোনীত করেন।














