আইন-আদালত

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৫:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

‎জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডের আদেশ দিয়েছেন।

‎এর আগে গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর গত ১৩ এপ্রিল তার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।

‎দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।

‎রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

‎মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

আরও খবর

Sponsered content