সারাদেশ

বাঘায় জমি দখল ও অপপ্রচারের অভিযোগে মানববন্ধন

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ৯:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে সালিশি বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে ভুক্তভোগী বাবর আলী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বিতর্কিত জমির পাশের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বাবর আলী অভিযোগ করেন, তার পিতা ১৯৭৫ সালে রাজশাহী সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে দুই দাগের জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমির নামজারি সম্পন্ন হলেও প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমিটি দখলে রেখেছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত ৯ মে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে জমির সীমানা নির্ধারণ ও তাকে দখল বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরে প্রতিপক্ষ ওই সীমানা চিহ্ন অপসারণ করে দেন বলে অভিযোগ করেন তিনি।

বাবর আলীর দাবি, বর্তমানে সালিশি সিদ্ধান্তকে আড়াল করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তার এবং সালিশকারীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এ সময় তিনি দ্রুত এ ধরনের প্রচারণা বন্ধের আহ্বান জানান এবং অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অমল থান্ডার বলেন, “সালিশি বৈঠকে উভয় পক্ষের সম্মতিতেই জমির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে সালিশকারীদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন।”

সাবেক ইউপি সদস্য ছিয়ার উদ্দিন বলেন, “উভয় পক্ষের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়েছিল। এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অনাকাঙ্ক্ষিত।”

স্থানীয় বাসিন্দা নবীন থান্ডার বলেন, “বাবর আলী তার পিতার ক্রয়কৃত জমির ন্যায্য অংশ চাইছেন। বিষয়টি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাধান হওয়া উচিত।”

মানববন্ধন থেকে বাঘা উপজেলা প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগীর দাবি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আরও খবর

Sponsered content