রাজনীতি

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ১:২১:৪৮ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ বা ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এই চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়েছেন তিনি।

আজ সোমবার সকালে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে এনসিপি মুখপাত্র বলেন, ‘তিনটি দেশের এই চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। তবে এটি যদি দেশের জন্য ফলপ্রসূ হয়, তবেই তা ভালো। আমরা এই চুক্তির সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করছি এবং এনসিপির উপকমিটি এ বিষয়ে নিবিড় নজর রাখছে।’

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। কোনো নির্দিষ্ট সামরিক বা বাণিজ্যিক বলয়ে ঢুকে পড়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমেছিল, কিন্তু এখন তা আবারও বাড়ছে। নির্বাচনের পর থেকে গ্যাস-বিদ্যুৎ সংকট, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ সময় ১১ দলীয় জোট ঘোষিত লংমার্চ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘এটি একটি রাজনৈতিক কর্মসূচি। বিরোধী দলের গণতান্ত্রিক শক্তি মূলত তাদের প্রতিবাদের সক্ষমতার ওপরই নির্ভর করে। লংমার্চের মাধ্যমে আমরা মূলত জনগণের কষ্টগুলো তুলে ধরতে চাই। এটি আমাদের সংস্কারের প্রতিশ্রুতির অংশই নয়, বরং বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে একটি প্রতিবাদ।’

আরও খবর

Sponsered content