সারাদেশ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

  নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৫ আগস্ট ২০২৬ , ১১:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে এসব সামগ্রী ও সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

অসহায় ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সেলাই মেশিনের মাধ্যমে অসহায় নারীরা ঘরে বসেই আয়-রোজগার করতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী ও অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content