সারাদেশ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ১:১২:০৫ প্রিন্ট সংস্করণ

বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেঁড়িবাধ নির্মাণসহ সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।

তিনি বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা প্রদান করা হবে।

এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর দোয়া কামনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। এদিন তিনি পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

প্রসঙ্গত, দুই দিনের সফরে গতকাল শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রথমদিন তিনি চকরিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

আরও খবর

Sponsered content