মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ১০ মে ২০২৬ , ১১:৪১:৪৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে কারামুক্ত এক যুবলীগ নেতার মেয়র পদে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
সম্ভাব্য ওই প্রার্থী হলেন মাধবপুর উপজেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ শানু। তিনি পৌরসভার পশ্চিম মাধবপুর ৪ নম্বর ওয়ার্ডের মরহুম আলী আকবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় এক যুবদল নেতার দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন শাহ নেওয়াজ শানু। মুক্তির পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সক্রিয় হয়ে ওঠেন।
গত কয়েকদিন ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। শনিবার (৯ মে) তিনি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান।
এর আগেও তিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি।
নতুন করে তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন কি না এবং কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন—তা নিয়েও চলছে বিশ্লেষণ।
শাহ নেওয়াজ শানু বলেন, “মাধবপুর পৌরসভার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। জনগণের সমর্থন পেলে নির্বাচিত হয়ে পৌরবাসীর সমস্যার সমাধানে কাজ করব। অংশগ্রহণমূলক নির্বাচন একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে পারে।”
মাধবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ হাবিবুর রহমান বলেন, “নির্বাচন করা একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। সব মতের মানুষের অংশগ্রহণে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।”
দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, “আইনগত কোনো বাধা না থাকলে যে কেউ নির্বাচন করতে পারেন। তবে সন্ত্রাসী বা ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটি নিশ্চিত করতে হবে।”














