প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২২:০৩ প্রিন্ট সংস্করণ
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২৫৫। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। পাকিস্তানের শহর লাহোর রয়েছে তৃতীয় অবস্থানে, যার স্কোর ২২৫। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২১৮। দূষিত শহরের ২০০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।




















