প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১:০০:২৫ প্রিন্ট সংস্করণ
ম্যানচেস্টার সিটির নিকো ও’রেইলির সুযোগসন্ধানী গোল এবং আর্লিং হল্যান্ডের সফল পেনাল্টি মিলিয়ে রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পিছিয়ে থেকেও জয়ের হাসি হাসে সিটি।
২৮তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিচু শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। শুরুর আধাঘণ্টা রিয়ালের আক্রমণে বারবারই নড়বড়ে দেখা যাচ্ছিল সিটিকে।
তবে এরপরই যেন আত্মঘাতী ভুল শুরু করে রিয়াল। ৩৫তম মিনিটে গোলরক্ষক থিবো কুর্তোয়া জোশকো গভার্দিওলের তুলনামূলক সহজ হেড ঠেকাতে ব্যর্থ হন, ফিরতি বল থেকে গোল করেন ও’রেইলি।
মাত্র আট মিনিট পর আবারও বড় ভুল রিয়ালের। ছয় গজ বক্সে ক্রস ধরতে যাওয়া হাল্যান্ডকে মাটিতে লুটিয়ে ফেলেন ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। ভিএআর সহায়তায় পেনাল্টি দেন রেফারি, যা থেকে ঠান্ডা মাথায় গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
এই জয়ে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে সিটি। আর পরপর দ্বিতীয় হার রিয়ালকে নামিয়েছে সপ্তম স্থানে, তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।
দলের বাজে ফর্মে রিয়াল কোচ জাবি আলোনসোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে বার্নাব্যুর দর্শকরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে দলটি।
আটজন ফুটবলারকে চোটের কারণে না পাওয়া সত্ত্বেও, এমনকি কিলিয়ান এমবাপ্পে বেঞ্চে থাকলেও, শক্তভাবেই ম্যাচ শুরু করে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ও ফেডে ভালভার্দে কাছাকাছি আসার পর ২৮তম মিনিটে গোল পান রদ্রিগো-রিয়ালের হয়ে নয় মাস পর তার প্রথম গোল এটি।
সিটির প্রতিক্রিয়া ছিল মন্থর। প্রথম ৩০ মিনিটে লক্ষ্যভেদী শট পর্যন্ত নিতে পারেনি তারা। বাম দিক দিয়ে ভিনিসিয়ুস-কারেরাসের আক্রমণে ছিল বিপদে। কিন্তু নিজেদের ভুলেই ম্যাচ হাতছাড়া করে রিয়াল।
প্রথম সুযোগেই ও’রেইলির গোলে সমতায় ফেরে সিটি, আর পাঁচ মিনিট পরে রুডিগারের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন হল্যান্ড-বার্নাব্যুতে তার প্রথম গোল এটি।
প্রথমার্ধের শেষ দিকে চাপ বাড়ায় সিটি। হল্যান্ড ও রায়ান শেরকিকে একের পর এক সেভে রিয়ালকে টিকিয়ে রাখেন কুর্তোয়া।
বিরতির পরও ম্যাচ নিয়ন্ত্রণে রাখে সিটি। ফিল ফোডেন ও জেরেমি দকুর গতি ও দক্ষতায় বিপদে পড়ে রিয়ালের ডিফেন্স। ৫১ এবং ৬১ মিনিটে ফোডেন ও দকুর শট দুর্দান্তভাবে ঠেকান কুর্তোয়া।
শেষ মুহূর্তে সমতায় ফেরার সবচেয়ে কাছাকাছি যায় রিয়াল-এন্দ্রিকের শট পোস্টে লাগে। কিন্তু আর গোলের দেখা পায়নি তারা। সুযোগ নষ্টের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বার্নাব্যুর দর্শকদের হতাশা।
ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত দারুণ লড়াই করে ধরে রাখে জয়।





















