প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১:২৮:৫০ প্রিন্ট সংস্করণ
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনে অংশগ্রহণ করায় এবার শাস্তির মুখে পড়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও চারজন নেতা। বিষয়টি শুক্রবার (১ আগস্ট) একাধিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে ফলাফল প্রকাশে বিলম্ব এবং কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ততা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ফলাফল ঘোষণা করতে গেলে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এরপর নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক টিএম মাহবুবর রহমানকে কেন্দ্রীয় নির্দেশে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারের প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
দুই নেতার বহিষ্কারের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়ার কারণে এবার শাস্তি পেলেন আরও চার নেতা:
বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জুলফিকার আলী শাহ এবং
সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী–
তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ এনে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা স্বাক্ষর করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না ও সদস্য সচিব কামরুজ্জামান কামু।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী ও সাদ্দাম হোসেন–
তাঁদের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইমরান মাহমুদ।
এ ধরণের শাস্তিমূলক সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। অনেকেই ফেসবুক পোস্টে এসব সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।
এর আগে, বহিষ্কৃত দুই নেতার পুনর্বহালের দাবিতে ৩০ জুলাই বিক্ষোভ সমাবেশ, ৩১ জুলাই মানববন্ধন এবং ২ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
২৯ জুলাই রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট সৈয়দ আলম ও টিএম মাহবুবর রহমানের বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।
১৩ জুলাই বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের ফলাফল স্থগিত ঘোষণা করেন এবং বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানোর কথা জানান।
বালিয়াডাঙ্গী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সংগঠনের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, তা এখন দলের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটিই এখন দেখার বিষয়।














