জাতীয়

বাসাবাড়ির বর্জ্য অপসারণে অনিয়ম করলেই টেন্ডার বাতিল

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ১২:৫২:৩২ প্রিন্ট সংস্করণ

বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ শনিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ স্লোগানে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন।

আবদুস সালাম জানান, বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না।

তিনি বলেন, ‘মার্কেট ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই প্রশাসক জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে করা জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়ার কথা জানান তিনি।

এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

আরও খবর

Sponsered content