বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ১৮ মে ২০২৫ , ৫:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ
জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুর হাট খ্যাত আউলিয়া বাজার। প্রতিদিন ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাটটি লিচু চাষি, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম থাকে। আউলিয়া বাজারের আশেপাশের গ্রামগুলো থেকে ভোররাতে লিচু নিয়ে হাজির হয় বাগানিরা। এই বাজারে পাটনাই, বুম্বে, চায়না থ্রি, চায়না-টু ও এলাচি জাতের লিচু পাওয়া যায়। এখানকার লিচু সুস্বাদু হওয়ায় দূর দুরান্ত থেকে অনেক পাইকাররা লিচু নিতে ছুটে আসে এই বাজারে। এখান বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, নরসিংদী, ভৈরব, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, ফেনী ও রাজধানী ঢাকার ব্যবসায়ীরা পাইকারি দরে লিচু কিনে নিয়ে যায়।
ইজারাদার ও ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, আউলিয়া বাজারে প্রতিদিন ৭০-৮০ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে। প্রতি হাজার পাটনাই লিচু দেড় থেকে আড়াই হাজার ও বুম্বে লিচু ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লিচুর সময়ে মাসব্যাপী এই বাজারে প্রতিদিন লিচু বিক্রি করেন লিচু বাগানি ও চাষিরা। এবছর আবহাওয়া প্রতিকূলে থাকায় লিচুর ফলন তেমন ভাল হয়নি তবে বাজারে লিচুর প্রচুর চাহিদা রয়েছে। লিচুর ফলন ভাল না হলেও ভাল দাম পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, উপজেলায় এবছর ৪৪০ হেক্টর জমি থেকে ২০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে বৃষ্টির অভাবে লিচুর কিছু সমস্যা হলেও এখন বৃষ্টি হওয়াতে তা কাটিয়ে উঠতে পেরেছি।
শাহনেওয়াজ শাহ্ /এমআই




















