সারাদেশ

বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এই উৎসব: সারাহ কুক

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ , ২:২২:৩৩ প্রিন্ট সংস্করণ

হিন্দু ধর্মের এই উৎসবের সবচেয়ে বিশেষ দিক হলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নয়, অন্য ধর্মের মানুষও এই উৎসব ও আনন্দ উদ্যাপনে অংশ নেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরাইয়ে দুর্গাপূজার মন্ডপ ও তামাকাসা শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ধামরাইয়ে এসে এই উৎসব সরাসরি দেখতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

তিনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে বলেন, এই উৎসবের সবচেয়ে সুন্দর দিক হলো, এটি সব সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলে। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের অনুসারীরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নিজ নিজ ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এই যৌথ অংশগ্রহণ ও মেলবন্ধন বাংলাদেশের একটি অনন্য এবং প্রশংসনীয় দিক।

এদিন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হাইকমিশনার ধামরাইয়ের ধাতব কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখেন।

এই শিল্পের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তিনি বলেন, ধামরাইয়ের ধাতব কারুশিল্প বাংলাদেশের লোকসংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

ধামরাইয়ের কারুশিল্পের প্রতি নিজের বিশেষ আগ্রহের কথা জানিয়ে হাইকমিশনার বলেন, ‘আমরা এর আগেও অনেকবার এখানে এসেছি এবং বেশ কিছু ধাতব শিল্পসামগ্রী কিনেছি, যা বর্তমানে ঢাকায় আমাদের বাসভবনে রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

আরও খবর

Sponsered content