প্রতিনিধি ২১ মে ২০২৬ , ২:২২:৩৫ প্রিন্ট সংস্করণ
পায়ের পেশিতে চোট পেয়েছেন ব্রাজিল তারকা নেইমার। এ কারণে সান্তোসের হয়ে আসন্ন কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে আগামী সপ্তাহে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী দলটির চিকিৎসকরা।
সান্তোসের প্রধান চিকিৎসক রদ্রিগো জোগাইব বুধবার নিশ্চিত করেছেন, নেইমারের ডান পায়ের পেশিতে দুই মিলিমিটার ফোলা বা প্রদাহ ধরা পড়েছে।
তবে এই চোট খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি। জোগাইবের ভাষ্য, আগামী ২৭ মে ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন নেইমার।
ব্রাজিলের একটি ক্রীড়া মাধ্যমকে তিনি বলেন, ‘নেইমারের পায়ের পেশিতে সামান্য চোট ও ফোলা রয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, সে আগামী সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে।’
বর্তমানে সান্তোসের রেই পেলে অনুশীলন কেন্দ্রে ব্যক্তিগত সহকারীদের নিয়ে চিকিৎসা নিচ্ছেন নেইমার। পাশাপাশি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
মাত্র দুই দিন আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে নেইমারকে অন্তর্ভুক্ত করেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
তবে দল ঘোষণার আগে নেইমারের চোট নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল কোচিং স্টাফ। বিশেষ করে ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
সাবেক বার্সেলোনা ও প্যারিসের ক্লাবটির এই ফরোয়ার্ড সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর দীর্ঘ সময় তাকে দলে ডাকেননি আনচেলত্তি। কোচ বারবার বলেছেন, শতভাগ ফিট না হলে কাউকে দলে নেওয়া হবে না।
গত রোববার করিতিবার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচের পর নেইমারের চোট ধরা পড়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে পায়ের সমস্যার কারণে চিকিৎসা নেওয়ার পর তাকে বদলি করা হয়।
তবে বদলির বিষয়টি বুঝতে না পেরে তিনি আবার মাঠে ফিরে যান। পরে বদলির বোর্ড নিয়ে রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়িয়ে পড়েন তিনি।
এই চোটের কারণে বুধবার দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় সান লরেঞ্জোর বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে নেইমারকে ছাড়াই খেলেছে সান্তোস। এছাড়া শনিবার গ্রেমিওর বিপক্ষে লিগ ম্যাচ এবং আগামী মঙ্গলবার দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।





















