সাতক্ষীরা প্রতিনিধি: ৩ মে ২০২৬ , ১১:০৯:০০ প্রিন্ট সংস্করণ
‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’সহ বিভিন্ন স্লোগানে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।
রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা মুখ ও চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
কর্মসূচিতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বক্তারা বলেন, রাজনৈতিক তকমা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
অবস্থান কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা কর’, ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ নয়’, ‘গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের বিচার কর’, ‘সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধ কর’সহ নানা দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হামলার ঘটনা ঘটছে। গণমাধ্যমকর্মীরা কোথাও নিরাপদ নন। গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়ে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হক, নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জী, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্টার নিউজের গাজী ফরহাদ, এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা ও গ্রীন টিভির মীর খায়রুল আলমসহ অনেকে।




















