হাবিল উদ্দিন, রাজশাহী: ১২ নভেম্বর ২০২৫ , ৬:৫৩:৩৭ প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে ভুয়া শিক্ষা সনদ ব্যবহার করে দলিল লেখকের লাইসেন্স দেওয়া অভিযোগে পবা সাব রেজিস্ট্রি অফিসের শাহীন আলীর লাইসেন্স বাতিল করেছে জেলা রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিক।
বুধবার (১২ নভেম্বর) জেলা রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষাসনদ যাচাই-বাছাইয়ের পর প্রমাণিত হয়েছে যে সনদটি ভুয়া। এর আগে সনদ যাচাইয়ের জন্য পবা সাব রেজিস্ট্রার শিক্ষা বোর্ডে পাঠালে প্রথমে এটি ‘সঠিক’ বলে প্রত্যয়ন দেয়। পরে নিজে যাচাই করলে ডেপুটি কন্ট্রোলার মো. মুনজুর রহমান খান নিশ্চিত করেন, সনদটি ভুয়া।
পবা সাব রেজিস্ট্রার শাহীন আলী জানান, প্রাথমিক যাচাইয়ে অনলাইন ও মোবাইল চেকে নাম মেলেনি, তাই লিখিত প্রত্যয়ন প্রয়োজন হয়। শিক্ষাসনদ ভুয়া প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্ট দলিল লেখকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযোগ এসেছে, প্রথম যাচাইয়ে বোর্ডের তিন কর্মকর্তা—রেকর্ড শাখা অফিসার আলমগীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ফারজানা লতা ও মিন্টু—সংশ্লিষ্ট অর্থের বিনিময়ে সনদটি ‘সঠিক’ বলে প্রত্যয়ন করায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা পরে ভুল স্বীকার করেছেন।
রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম জানান, বিষয়টি জানা মাত্র তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















