মো. কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ , ৬:১৬:৫১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আগুন নেভানোর বিভিন্ন কৌশল শেখান। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয়, নিরাপদে সরে যাওয়ার পদ্ধতি এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।





















