মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৭ জানুয়ারি ২০২৬ , ৩:১৫:৫৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং এ সংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব করা হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন এলাকা-২৫, কুড়িগ্রাম-১, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর সদস্য ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ স্বাক্ষরিত ২৫ জানুয়ারির এক পত্রে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোকাদ্দেছ আলী এবং শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহানকে আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কক্ষ নং ৭০১ ও ৭০২-এ উপস্থিত হয়ে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, এ সংক্রান্ত একটি সমন অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩টা ৩০ মিনিটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ করছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।















