সারাদেশ

ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়ায় ব্রাকসু নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  মোঃ সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১ ডিসেম্বর ২০২৫ , ৭:১৮:০৩ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ব্রাকসুর সহকারী নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান, অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার ও সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

ড. মোহসীনা আহসান বলেন, “নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও হলভিত্তিক শিক্ষার্থী তালিকা প্রাপ্তিতে জটিলতার কারণে তা ৩০ নভেম্বর থেকে শুরু হয় এবং ১ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকে। কিন্তু নির্বাচনের জন্য হালনাগাদ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা পাওয়া অপরিহার্য। কারা ভর্তি বাতিল করেছে, কারা কোন হলে আবাসিক— এসব তথ্য সঠিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দিতে হবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।”

তিনি জানান, রেজিস্ট্রার অফিস থেকে প্রেরিত ভোটার তালিকা ও হল সংযুক্তির নথিতে একাধিক গুরুতর ভুল, অসঙ্গতি ও অসম্পূর্ণ তথ্য পাওয়া গেছে। “এই ত্রুটিপূর্ণ তালিকার ভিত্তিতে মনোনয়ন বিতরণ অব্যাহত রাখলে নির্বাচনের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে,” বলেন তিনি।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ নির্বাচনী তফসিলের সব কার্যক্রম স্থগিত থাকবে। রেজিস্ট্রার দপ্তরকে তালিকার ভুল, বাদ পড়া নাম, দ্বৈততা ও অসামঞ্জস্য দ্রুত সংশোধন করে যাচাইকৃত তালিকা সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যত দ্রুত সম্ভব নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করা যায়।

কমিশন আরও জানিয়েছে, ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে সরবরাহ করা হয়েছে কি না, তা তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে নির্বাচনের স্থগিতাদেশে শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, রোববার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল, যা সোমবার পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু অসম্পূর্ণ ভোটার তালিকার সংকটেই এবার স্থগিত হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল সংসদ নির্বাচন।

আরও খবর

Sponsered content