সারাদেশ

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবার মান নিয়ে জনমনে ক্ষোভ

  তৌফিকা সুলতানা ঋতু ২০ এপ্রিল ২০২৬ , ৩:৪১:১৪ প্রিন্ট সংস্করণ

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান, অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে অসন্তোষ। দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে সরকারি সম্পদের অযত্ন ও ব্যবহারের ঘাটতির বিষয়টি।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক বা একাধিক অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জরুরি রোগী পরিবহনে যেখানে অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা বেশি, সেখানে এসব সরকারি যানবাহন ব্যবহার না হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ।

 

একইভাবে হাসপাতালের কিছু ভবন রক্ষণাবেক্ষণের অভাবে ফাটলধরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

রোগীদের অভিযোগ, বহির্বিভাগে নির্ধারিত টিকিট মূল্য ৩ টাকা হলেও বাস্তবে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এছাড়া ওষুধ বিতরণে বৈষম্যের অভিযোগও রয়েছে। পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিরা সিরিয়াল ভেঙে বেশি ওষুধ পাচ্ছেন, অন্যদিকে সাধারণ রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে সীমিত সরবরাহ পাচ্ছেন বলে দাবি করা হয়েছে।

হাসপাতালের কিছু চিকিৎসক ও কর্মচারীর সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। রোগীদের নির্দিষ্ট ক্লিনিকে পরীক্ষা করাতে চাপ দেওয়া হয় বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। এক গর্ভবতী রোগী অন্য ক্লিনিকে পরীক্ষা করিয়ে আনলে সংশ্লিষ্ট চিকিৎসক তার রিপোর্ট গ্রহণ না করে অপমান করেন—এমন অভিযোগও পাওয়া গেছে। হাসপাতালের নিজস্ব আল্ট্রাসনোগ্রাফি সেবা সচল না থাকার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী দ্রুত অব্যবহৃত অ্যাম্বুলেন্স মেরামত ও পরিত্যক্ত ভবন সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি টিকিটে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং সরকারি চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিক সংশ্লিষ্টতা ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, মনোহরদী উপজেলা বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা হওয়ায় স্থানীয়রা আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে।

আরও খবর

Sponsered content