প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৩:৪৮:৫১ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের মধ্যে দলীয় প্রধানকে পেয়ে উচ্ছ্বছিল বিএনপির নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।
ময়মনসিংহে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ জেলার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এক্ষেত্রে এসব ভোট যেসব প্রার্থীর দিকে যাবে তাদেরই জয়লাভের সম্ভাবনা বেশি।
বিএনপির সমর্থকদের দাবি, এখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের ময়মনসিংহ ফুলবাড়িয়া আসন ছাড়া অন্যগুলোতে তেমন প্রভাব নেই।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখন তিনি সমাবেশ মঞ্চে উপস্থিত হননি। এদিকে শহর ও ময়মনসিংহের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে ছোট-ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ মাঠে আসতে শুরু করেছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরে বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি।
ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাবেন।




















