প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৭:৩৮:৫৫ প্রিন্ট সংস্করণ
খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রমে মাঠে নেমেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সংগঠনটি নিজস্ব অর্থায়নে নগরীর বিভিন্ন এলাকায় ফগিং ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু করেছে।
স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, সাম্প্রতিক সময়ে খুলনা নগরীতে মশার উপদ্রবের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। এ অবস্থায় নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সংগঠনের পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। পাশাপাশি ফগিংয়ের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নগরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে সচেতন করা হচ্ছে।
সংগঠনের দায়িত্বশীল নেতারা বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে খুলনাবাসীর পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক দলের দীর্ঘদিনের কার্যক্রমের অংশ। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
তারা আরও বলেন, শুধু মশক নিধন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নগরবাসীকেও নিজ নিজ বাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে নগরবাসীর নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব।
স্বেচ্ছাসেবক দলের এই জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা। তাদের মতে, ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





















