সারাদেশ

মাগুরায় আদালতের আদেশ অমান্য করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  মাগুরা প্রতিনিধি: ৫ এপ্রিল ২০২৬ , ৯:৫৬:৫০ প্রিন্ট সংস্করণ

 মাগুরার মহম্মদপুর উপজেলার ধুপুরিয়া গ্রামে আদালতের আদেশ অমান্য করে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী লুৎফর রহমান শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে ইখলাস শেখের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর লুৎফর রহমান শিকদারের নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ইখলাস শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর ভাঙচুর করা হয় এবং ঘরের মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। এতে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে।

ইখলাস শেখ জানান, ধুপুরিয়া মৌজার ৩০২ নম্বর দাগের ৪৬ শতাংশ জমির মধ্যে ২৬ শতক বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। তিনি দাবি করেন, জমিটি দলিলমূলে ক্রয়কৃত এবং প্রায় দুই বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন। এ বিষয়ে তিনি আদালতে মামলা করলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। ঘটনার দিন লুৎফর রহমান শিকদার তার লোকজন নিয়ে এসে ইখলাস শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

তবে অভিযোগ অস্বীকার করে লুৎফর রহমান শিকদার বলেন, তিনি এ হামলার বিষয়ে কিছুই জানেন না। সংশ্লিষ্ট সম্পত্তি তাদের দাবি করে তিনি বলেন, ইখলাস শেখ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content