কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ২৬ জুন ২০২৬ , ৭:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেছেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবকদের কিশোরগঞ্জে কোনো স্থান হবে না। মাদক নির্মূলে তিনি মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত একটি র্যালি শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।














