মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৩ জুলাই ২০২৬ , ৮:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব ইশমাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক মূল্যবোধ গড়ে তোলা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।





















