সারাদেশ

মাধবপুরে খোলা ডিজেল বিক্রি বন্ধে কৃষকেরা বিপাকে, বোরো ফসলের সেচ ঝুঁকিতে

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৬ মার্চ ২০২৬ , ৭:২১:২৩ প্রিন্ট সংস্করণ

 হবিগঞ্জের মাধবপুরে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ফিলিং স্টেশনে খোলা ডিজেল বিক্রি না করার কারণে কৃষকরা সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতি বোরো মৌসুমে সেচ সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবি মাধবপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে গিয়ে খোলা ডিজেল বিক্রি না করার নির্দেশ দিচ্ছে। ফলে বোতল বা জারে ডিজেল কিনে সেচ যন্ত্র চালানো কৃষকদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে।

বর্তমানে মাঠে বোরো ধানের পাশাপাশি সসা, টমেটো ও অন্যান্য সবজির ক্ষেতেও নিয়মিত পানি সেচ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু খোলা ডিজেল বিক্রি বন্ধ থাকায় অনেক কৃষক সেচযন্ত্র চালাতে পারছেন না। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষক কালাম মিয়া জানান, “ফিলিং স্টেশন থেকে বোতল বা পাত্রে করে ডিজেল কিনে সেচ মেশিন চালানোই আমাদের নিয়ম। হঠাৎ খোলা ডিজেল বিক্রি বন্ধ হওয়ায় আমরা চরম দুর্ভোগে রয়েছি। দ্রুত ব্যবস্থা না হলে বোরো ধান ও সবজি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।”

কৃষকেরা বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে সময়মতো সেচ দিয়ে ফসল রক্ষা করা যায়। এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল ব্যবহারে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কৃষকদের প্রয়োজনীয় তেল সরবরাহে কোনো বাধা নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content