মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৩:৫০:১৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে বস্তায় লুকিয়ে মোটরসাইকেলে করে ভারতীয় বিয়ার পরিবহনের সময় শ্রাবণ তাঁতী (১৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা–বাগানের ১০ নম্বর সেকশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শ্রাবণ তাঁতী ওই এলাকার মৃত সুমন তাঁতীর ছেলে।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় একটি মোটরসাইকেল ও সঙ্গে থাকা বস্তা সন্দেহ হলে তা তল্লাশি করা হয়। এসময় বস্তার ভেতর থেকে ভারতীয় তৈরির ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার ও মোটরসাইকেলের মোট সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ১২ হাজার ৫৫০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, মাত্র দুই দিন আগে একই বিওপির টহলদল পৃথক অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ, দুই আসামি ও একটি মোটরসাইকেলসহ মাধবপুর থানায় সোপর্দ করে।





















