অর্থ-বাণিজ্য

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৬ , ৯:০৪:৩১ প্রিন্ট সংস্করণ

আসন্ন বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনায় ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, “আমরা সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মানের এই দিবসটি উদযাপন করতে চাই। বাংলাদেশের ঐতিহ্য ও কৃষ্টি-কালচার বিশ্বের দরবারে তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়েও একই সাথে উদযাপনের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

দেশীয় পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী অবস্থানের ওপর দাঁড় করাতে বেসরকারি খাতের অংশীজনদের এগিয়ে আসার ও সার্বিক সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দিবসটি উপলক্ষে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে দেশের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তুতকৃত বিশেষ টিভিসি প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে ‘লাইভ কুকিং শো’ ও রান্নার প্রতিযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে বিশ্বমঞ্চে ব্রান্ডিং করতে ভূমিকা রাখবে।

প্রস্তুতিমূলক এই সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি-সহ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content