মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ২:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকায় সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা এ বি এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনই কমিটির মূল লক্ষ্য।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) রাত প্রায় পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রমের সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে পাঁচটি ওয়াগনের মধ্যে একটি পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ১টা) ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি মনতলা স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম।
স্থানীয়দের ভাষ্য, বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করে। এ সময় কিছু লোক ওয়াগন থেকে তেল লুটের চেষ্টা চালায়। পরে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার লিটন কুমার চন্দ্র দেব জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।




















