মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২১ ডিসেম্বর ২০২৫ , ৮:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির একাধিক অভিযানে মাছ পরিবহনের ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে অভিনব কায়দায় লুকানো ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট সিজার মূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সকাল ৬টার দিকে একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির ভেতর থেকে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। মালামাল ও যানবাহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”




















