আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৫ আগস্ট ২০২৬ , ১:১৮:১৯ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বুকে বলের আঘাতে আবু সাইদ নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ (২০) আগৈলঝাড়া আল জামিয়াতুন নাফিছিয়া আল ইসলামিয়া মার্কাজ মাদ্রাসার কাফিয়া বা নবম শ্রেণির বিভাগের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি পশ্চিম বাকাল বাগুনবাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তিনি মো. জাকির গাজীর ছেলে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম জানান, শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি ছিল। এদিন উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে আয়োজিত ফুটবল খেলায় অংশ নেন আবু সাইদ। তিনি একটি দলের গোলকিপার ছিলেন।
খেলার সময় একটি ফুটবল এসে তাঁর বুকে আঘাত করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার মুহতামিম আরও জানান, আবু সাইদের মামা হাসপাতালে এসেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















