নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৪২:৫৩ প্রিন্ট সংস্করণ
র্যাব-৯ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব সূত্র জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রধান আসামি নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক হলেও গত ১৮ নভেম্বর ২০২৫ রাতে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করা হয়।
পরদিন ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানা-তে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ঢাকার চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন মিয়া (২১) মাধবপুর উপজেলার রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।




















