প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র হয়ে ঢাকা-১৭ আসনে ভোটের মাঠে নেমেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা শিমলা, অভিনেতা শাহেদ শরীফ খানসহ আরও কয়েকজন। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে রবি চৌধুরী ও চিত্রনায়িকা শিমলাকে নিয়ে।
কারণ নেটিজেনরা এই দুই তারকার অতীত প্রকাশ্যে নিয়ে আসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা। আর সংগীতশিল্পী রবি চৌধুরীকে দেখে গেছে আওয়ামী লীগের প্রার্থী ফোকগানের শিল্পী মমতাজের হয়ে প্রচারণায়। এ নিয়ে নেটদুনিয়া এখন বেশ উত্তাল।
এদিকে, গতকাল সোমবার প্রচারণার ফাঁকে গণমাধ্যমকে রবি চৌধুরী বলেন, ‘আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না। আমি কি কাজ করি, আমার এলাকায় গিয়ে দেখেন। গায়িকা মমতাজ আমাকে দাওয়াত দিয়েছিল। সে আমার সহশিল্পী। তারপরও টাকার বিনিময়ে তার অনুরোধে তার মার্কার জন্য আমি ভোট চেয়েছি। এখানে আমি কারও দালালি করিনি। আমি গান গাইতে গিয়েছি। যেখানে টাকা দেবে সেখানেই গান গাইব, সেটা যেই হোক।’
সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকটা আক্ষেপ নিয়ে তিনি আরও বলেন, ‘এখন ফেসবুক তো গরম হয়ে গেছে। সম্প্রতি আমি এবং মনির খান ঠাকুরগাঁও জেলায় বিএনপির জন্য ভোট চাইতে গিয়েছিলাম। সেখানে অনেকেই প্রশ্ন তোলে আমাকে নিয়ে যে, আমি নৌকার জন্য ভোট চেয়েছিলাম।’















