মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ২:৫৯:৪৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. আফরোজ হোসাইন (১৪) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম, শিক্ষক জুনায়েদ আহমেদ লস্কর, শাহানা আক্তার ও আবদুল কুদ্দুস প্রমুখ। বক্তারা বলেন, “নির্ভয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে একজন ছাত্র নির্মমভাবে খুন হবে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আফরোজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে স্কুলের পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন। প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। পরে শনিবার বিকেলে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত আফরোজ মিয়া আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে। তাঁর হত্যায় এলাকায় গভীর শোক ও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















