প্রচ্ছদ

মান্দায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির র‌্যালি ও সমাবেশ

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি
ঐতিহাসিক ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী ছাত্র গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। সেখান থেকে এক বিশাল বিজয় মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারের চারমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।

এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে ও এ.কে.এম নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এমদাদুল হক, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান এবং ছাত্রদলের আহ্বায়ক সাহিদুজ্জামান সালেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, “৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। এদিন ছাত্র-জনতা সম্মিলিতভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায়ও সেই চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে।”

সভাপতি এম.এ মতীন তার বক্তব্যে বলেন, “জুলাই-আগস্টের চেতনাকে অবমাননা করে কেউ রাজনীতি করতে পারবে না। যারা গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিচার হবেই। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।” তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন—“জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনারা যদি জনপ্রিয় হন, সুষ্ঠু নির্বাচনে আসুন ও জনগণের রায় গ্রহণ করুন।”

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থনা করা হয়।

পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি এম.এ মতীন ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এক যৌথ বিবৃতিতে কর্মসূচি সফল করার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content