নওগাঁ প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১২:০৫:৪৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় এডিপির অর্থায়নে দুই মাসব্যাপী তায়কোয়ান্দো প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ জন মেয়ে শিক্ষার্থী। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিতরণ করা হয় ড্রাম সেট।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মান্দা জিমনেশিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সনদ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও ড্রাম সেট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “তায়কোয়ান্দোসহ আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ ও সেবাবোধ গড়তে সহায়ক।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা, সৃজনশীল বিকাশ ও নেতৃত্ব গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, স্কাউট সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।




















