নওগাঁ প্রতিনিধি: ২৫ আগস্ট ২০২৬ , ১১:৫০:৫০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা ও অপরাধ দমনে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট বাসস্ট্যান্ডসংলগ্ন নারায়ণ মেনশনের সামনে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক প্রতিরোধে জেলা পুলিশ সম্পূর্ণ বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা জনগণের পাশে আছি। আপনারাও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দুর্গ গড়ে তুলুন।”
সতীহাটের ব্যবসায়িক এলাকার নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একটি চিহ্নিত প্রতারক চক্র বিদেশি কয়েন কিংবা জাল টাকার লোভ দেখিয়ে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের প্রতারিত করে আসছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা-নিয়ামতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শাওন, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, ওসি (তদন্ত) আলিফ উদ্দিন, সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মণ্ডল এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শেখ।
এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম, আলিম উদ্দিন, বিমল কুমার, শাহাদত হোসেন, কামরুল ইসলামসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ব্যবসায়ীরা পথসভায় অংশ নেন।





















