মেহেরপুর প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ২:০৭:১২ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে এক মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মিস্ত্রির নাম মান্নান (৪০)। তিনি মেহেরপুর শহরের মালোপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফৌজদারি পাড়ার বাসিন্দা বাপ্পি সরকারের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন মান্নান। এতে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।




















