মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১২:০৯:১৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর মোহনপুর উপজেলায় মহব্বতপুর দারুল উলুম আলিম মাদ্রাসার কর্তৃপক্ষ আজ (৩ জানুয়ারি) হওয়া চাকুরীর নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় দুটি পদে জনবল নিয়োগের জন্য ৩০ জন প্রার্থী প্রবেশপত্র পেয়েছিলেন। তবে পরীক্ষা শুরুর আগে তত্ত্বাবধায়ক বোর্ডের নিয়োগ নিয়ে বিতর্ক ও প্রার্থীদের অভিযোগের কারণে মাত্র ৫ জন প্রার্থী উপস্থিত ছিলেন। ফলে প্রার্থী সঙ্কটের কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়।
প্রার্থীরা অভিযোগ করেছেন, নিয়োগ আগে থেকেই চূড়ান্ত করা হয়েছে এবং বোর্ডে মাদ্রাসার সভাপতি ও বিএনপি নেতা সাইফুল ইসলামের স্ত্রীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা ছিল। এ খবরের কারণে অধিকাংশ প্রার্থী পরীক্ষায় অংশ নিতে যাননি।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জানান, দুই পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছিল এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হয়েছিল। তবে পরীক্ষার মাত্র ৫ জন উপস্থিত থাকায় বোর্ডকে পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
স্থানীয়রা বলছেন, এ ঘটনায় পরীক্ষার্থীরা প্রতারণার শিকার হয়েছেন এবং প্রার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।




















