এম.আমিরুল ইসলাম জীবন.স্টাফ রিপোর্টার ২১ মে ২০২৬ , ৮:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় আবু হুরাইয়া মিম (২৮) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মে) ভোরে তার বাড়ির পাশের যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু হুরাইয়া মিম কীর্তিপুর মোড় এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) বিকেলে মিম বাড়ি থেকে বের হন। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার বিষয় থাকতে পারে বলে ধারণা করছেন নিহতের স্বজনরা। নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, ঘটনার সময় তিনি একই গ্রামের বাবার বাড়িতে ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। পরে একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন ধরেননি।
নিলা খাতুনের দাবি, বন্ধুদের সঙ্গে মিমের বিরোধ ছিল এবং তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং একাধিক টিম তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।





















