সারাদেশ

রংপুরের ছয় নবনির্বাচিত এমপির সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ৪ মার্চ ২০২৬ , ৭:৫৪:৫৬ প্রিন্ট সংস্করণ

রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, রংপুরের বিদ্যমান সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ অপরিহার্য।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্যরা জেলার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনসম্পদ রপ্তানি এবং কর্মমুখী শিক্ষার বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শ্যামাসুন্দরী খাল ও কেডি খালের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির মাঠপর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন এবং কৃষিপণ্য রপ্তানির উদ্যোগ জোরদারের প্রস্তাব উঠে আসে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ, পীরগঞ্জে কয়লা উত্তোলনের সম্ভাবনা যাচাই, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন

সভায় জেলা পুলিশ সুপার মারুফতা হুসাইন-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রংপুরের সার্বিক উন্নয়নে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content