মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার : ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৯:৪৮ প্রিন্ট সংস্করণ
রংপুর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১২১টি এবং জেলার আট উপজেলায় রয়েছে ৯৫টি ভোটকেন্দ্র।
রোববার (৮ ফেব্রুয়ারি) রংপুর জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি ঝুঁকিপূর্ণ। এছাড়া গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জ উপজেলায় ৭টি, বদরগঞ্জ উপজেলায় ৮টি, মিঠাপুকুর উপজেলায় ৯টি, পীরগঞ্জ উপজেলায় ২৯টি, পীরগাছা উপজেলায় ১১টি এবং কাউনিয়া উপজেলায় ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অপরদিকে রংপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা— কোতোয়ালী থানায় ৭৫টির মধ্যে ৩১টি, হারাগাছ থানায় ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাট থানায় ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জ থানায় ২২টির মধ্যে ১৪টি, পরশুরাম থানায় ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাট থানায় ২৩টির মধ্যে ১৬টি। বাকি কেন্দ্রগুলো সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে।
পুলিশ জানায়, ভোটার সংখ্যা বেশি হওয়া, অতীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার বাড়ির নিকটবর্তী কেন্দ্র, দুর্গম ও জনবহুল এলাকা— এসব বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটির আংশিক এলাকায় মেট্রোপলিটন পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করবে। এসব এলাকার ২০৪টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্বে ৩০টি মোবাইল পেট্রোল টিম ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে।
রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,
রংপুর-১ আসনে ভোটকেন্দ্র ১৩৯টি
রংপুর-২ আসনে ১৩৭টি
রংপুর-৩ আসনে ১৬৯টি
রংপুর-৪ আসনে ১৬৩টি
রংপুর-৫ আসনে ১৫২টি
রংপুর-৬ আসনে ১১৩টি
সব মিলিয়ে জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭৩টি।
ভোটার পরিসংখ্যান অনুযায়ী, রংপুর-১ আসনে ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন, রংপুর-২ আসনে ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন, রংপুর-৩ আসনে ৫ লাখ ৮ হাজার ২২৪ জন, রংপুর-৪ আসনে ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন, রংপুর-৫ আসনে ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন এবং রংপুর-৬ আসনে ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন।
এদিকে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। তিস্তাপাড়ের ভাওয়াইয়া, কারুপণ্য ও হাঁড়িভাঙা ধানের জন্য খ্যাত রংপুরে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি, **ইসলামী আন্দোলন বাংলাদেশ**সহ ১৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতজন স্বতন্ত্র প্রার্থীসহ ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী সংখ্যা ৪৪ জন।














