প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৫:৫২:১৩ প্রিন্ট সংস্করণ
রাজধানী ঢাকায় আজ রবিবার ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় তীব্র জলজট ও যানজটের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ভোর থেকেই মাঠপর্যায়ে তৎপর রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সর্বশেষ ৬ ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। আজ সারা দিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এমন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
অব্যাহত এই বর্ষণের ফলে সৃষ্ট জলজট দ্রুত দূর করতে ডিএসসিসি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি রাস্তা থেকে পানি নেমে যাওয়ার মুখসমূহ (ক্যাচপিট) পরিষ্কার রাখতে ইমারজেন্সি রেসপন্স টিমের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি নিজে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ সরেজমিনে তদারকি করেন। ডিএসসিসি কর্মীদের কর্মতৎপরতায় দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হলে উক্ত সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এ পরিস্থিতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।” তিনি যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে একসঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।





















