প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ৫:০০:৪৫ প্রিন্ট সংস্করণ
মশাবাহিত ডেঙ্গু রোগ মোকাবিলায় ময়মনসিংহ নগরজুড়ে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন (মসিক)। ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে মশক নিধনের ক্রাশ প্রোগ্রাম। কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে তদারকি করতে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আঠারোবাড়ি বিল্ডিং, ছোট বাজার ও বড় বাজার এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের কর্মীরা মশার প্রজননস্থল ধ্বংস, কীটনাশক ছিটানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।
প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নগরবাসীর সেবায় দিন-রাত কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন। প্রশাসক হিসেবে নিজের দায়িত্বকে ইমানি দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, নগরীর ৩৩টি ওয়ার্ডেই নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বিশেষ স্প্রে কার্যক্রম চালানো হয়েছে।
তিনি জানান, নগরীর ৬, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও নিধনে বিশেষ গুরুত্ব দিয়ে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য ওয়ার্ডেও নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, কাজ করলে দোষ হয়, না করলে কিছু হয় না। তবে কাজের দায় নিজের কাঁধে নিয়ে নগরবাসীর কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করে যেতে চান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, বাসাবাড়ির ফুলের টব, চৌবাচ্চা, বারান্দাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি তিন দিনের মধ্যে অপসারণ করতে হবে। এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হতে পারে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান। সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। তবে তাঁদের মতে, মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে ওষুধ ছিটানোর পাশাপাশি নালা-নর্দমা, জলাবদ্ধ স্থান ও মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র পরিষ্কারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ক্রাশ প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা।





















