সারাদেশ

রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসব : ২২ গুণিজনকে সংবর্ধনা

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১০:৪২:২২ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে সাহিত্য, গবেষণা, সংগীত, নাট্য, সমাজসেবা, চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২২ জন গুণিজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে নগরীর রাজশাহী নগর ভবন–এর এনেক্স হলরুমে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ ও ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী কলেজ–এর অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী।

রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর প্রফেসর, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভর্নমেন্ট নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশ–এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম-উন্নয়ন সংস্থা–এর নির্বাহী পরিচালক মোহসিন আলী।

হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ–এর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা। অপরদিকে ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজ–এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।

অনুষ্ঠানজুড়ে কবিতা, সাহিত্য ও সংস্কৃতির চর্চায় মুখর হয়ে ওঠে মিলনায়তন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের মাধ্যমে ছড়া ও সৃজনশীল চর্চাকে আরও এগিয়ে নেওয়া হবে।

আরও খবর

Sponsered content