সারাদেশ

রেমা-কালেঙ্গা বনে সুমন বাহিনীর দস্যু তৎপরতার অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

  নোমান মিয়া, চুনারুঘাট প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৬:০৫:০২ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনে একটি দস্যু চক্রের তৎপরতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনজ সম্পদ লুট, ডাকাতি ও হামলার অভিযোগে ওই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বাঞ্চলে খোয়াই নদীর পূর্ব পাড়ে অবস্থিত রেমা-কালেঙ্গা বন এলাকায় দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই চক্রের নেতৃত্বে থাকা সুমন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা বনজ সম্পদ লুট, চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে জড়িত।

অভিযোগ রয়েছে, গত কয়েক বছরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

কালেঙ্গা বনবিট কর্মকর্তা আল-আমিন বলেন, “সশস্ত্র অবস্থানে থাকায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বন বিভাগও নিরাপত্তাহীনতায় রয়েছে।”

স্থানীয় ভুক্তভোগী রহিম মিয়া অভিযোগ করেন, সম্প্রতি তার বাড়িতে হামলা চালিয়ে গবাদিপশু নিয়ে যাওয়া, ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে। তিনি বলেন, “থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা পাইনি।”

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, “অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত অভিযানে গিয়ে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

রেমা-কালেঙ্গা বন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনভূমি। বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

আরও খবর

Sponsered content