প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ১২:১১:৪৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ লোহাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা মাহি ও ফিরোজ আহমেদ তাওহীদ। তারা ছিলেন বন্ধু।
জানা গেছে, ভোরে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক তৌহিদ মারা যান এবং আরোহী মাহিউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত মাহিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের একটি টিম। ঘটনার পর পালিয়েছেন ট্রাকের চালক ও হেলপার। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।















