প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ , ১:১০:০২ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের শরণখোলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ মো. মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা কামাল ওই এলাকার মৃত গনি তালুকদারের ছেলে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বিনয় কুমার হাওলাদার, এসআই লোকমান এবং এএসআই সবুজ আব্দুল্লাহর সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সর্বশেষ ৮০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, “গ্রেপ্তারকৃত আসামি মোস্তফা ভান্ডারী এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও সেবী। তার বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শরণখোলা থানা পুলিশের মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
শরণখোলা থানা পুলিশের এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা জোরদার হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।





















