সারাদেশ

শীত মৌসুমেও সিলেটে তীব্র লোডশেডিং, দিনে দিনে বাড়ছে জনদুর্ভোগ

  সিলেট প্রতিনিধি: ৩০ জানুয়ারি ২০২৬ , ৫:১২:১০ প্রিন্ট সংস্করণ

সিলেটে শীতের তীব্রতা অনেকটাই কমে এলেও এখনো পুরোপুরি শেষ হয়নি শীত মৌসুম। এখনো ফ্যান ব্যবহারের প্রয়োজন না হলেও নগরজুড়ে চলছে গ্রীষ্মকালের মতো ঘনঘন লোডশেডিং। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের।

বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় কয়েক দফায় প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। একই চিত্র নগরের অধিকাংশ এলাকাতেই। পুরো মাসজুড়েই দিনে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রতিবার বিদ্যুৎ চলে গেলে গড়ে এক ঘণ্টা বা তার বেশি সময় গ্রাহকদের বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

শীত মৌসুমে সাধারণত বিদ্যুতের চাহিদা কম থাকলেও সিলেটে কেন এত লোডশেডিং—এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি জানান, সিলেটে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট। তবে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ মেগাওয়াট। ফলে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে।

শীতকালেও এত বড় ঘাটতির কারণ জানতে চাইলে তিনি বলেন, দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সংস্কার কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাস সরবরাহ কম থাকায় এবং জ্বালানি আমদানি করা সম্ভব না হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।

তিনি আরও জানান, সারা দেশে বর্তমানে দৈনিক গড় বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে প্রায় ১০ হাজার মেগাওয়াট।

তবে পরিস্থিতির কিছুটা উন্নতির আশ্বাস দিয়ে আব্দুল কাদির বলেন, বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

আরও খবর

Sponsered content